প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প: ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প: ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সকল ধরণের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কুজিন ‘এক্স’ (সাবেক টুইটার)-এ প্রকাশ করেন, ট্রাম্পের সন্দেহ, নেতানিয়াহু তাকে প্রভাবিত ও পরিচালনা করার চেষ্টা করছেন। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোন সরকারি সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

একই দিন প্রকাশিত ডানপন্থী ইসরায়েলি পত্রিকা Israel Hayom-এ প্রকাশিত আরেকটি প্রতিবেদনের সঙ্গে কুজিনের মন্তব্যের মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে এবং পারস্পরিক হতাশা বেড়ে চলেছে। কুজিন আরও বলেন, ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য সংক্রান্ত ইস্যুতে নেতানিয়াহুর জন্য অপেক্ষা না করে এককভাবে এগিয়ে যেতে চান।

তিনি উল্লেখ করেন, গত এপ্রিল মাসে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের মধ্যে ওয়াশিংটনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডারমার ট্রাম্পকে ‘কি করা উচিত’ সেই বিষয়ে উপদেশ দেন, যা প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করে। এই ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ মহল নেতানিয়াহুর প্রতি তার মনোভাব বদলে দেয় বলে দাবি করা হয়েছে।

Israel Hayom-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে এমন কিছু পদক্ষেপ নিতে চান যা যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করবে—বিশেষ করে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নেতানিয়াহু “প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বিলম্ব করছেন”, এই কারণে ট্রাম্প আর অপেক্ষা করতে রাজি নন।

এমনকি ইসরায়েল-সৌদি আরব স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে যে দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ চলছে, তাতেও নেতানিয়াহুর গতি না থাকায় ট্রাম্প এককভাবে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।