প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ভারতে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার

ভারতে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার

গুজরাটের আহমেদাবাদে আজ দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এতে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় সব যাত্রীর নিহত হওয়ার আশংকা করা হলেও এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, বিমানের ১১এ নম্বর আসনে থাকা যাত্রীটি জীবিত রয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ, এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক।

পুলিশ জানায়, যাত্রী তালিকা অনুযায়ী মি. রমেশই ১১এ আসনে বসেছিলেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজের প্লেন বোর্ডিং পাসও দেখিয়েছেন, যেখানে তার নাম এবং আসন নম্বর ১১এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ঘটনার বিস্তারিত অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুপুর ১:৩৯ মিনিটে (ভারতীয় সময়) আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি মেঘানি নগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনার সময় বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে, ফলে পাঁচজন মেডিকেল ছাত্র নিহত হন, এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট জরুরি সংকেত পাঠান, তবে দ্রুতই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়, যা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম এখনো চলছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তদন্ত শুরু করেছে বিমান পরিবহন কর্তৃপক্ষ।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।